ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ দালাল চক্রের তৎপরতা রুখে দিয়ে এক সেবাপ্রত্যাশী রোগীকে রক্ষা করেছেন অঙ্গীভূত আনসার সদস্যরা। তাদের দ্রুত ও সমন্বিত অভিযানে এক কথিত দালালকে হাতেনাতে আটক করা হয়েছে।
জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে মাদারীপুর জেলার মো. হেদায়েত হোসেন নামের এক রোগী চিকিৎসা নিতে এসে হাসপাতালের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। এ সময় বাধন মিয়া (২৬) নামের এক ব্যক্তি নিজেকে সহায়ক পরিচয় দিয়ে রোগীর কাছে যান।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি ১০ হাজার টাকার বিনিময়ে রোগীকে বাইরে একটি ক্লিনিকে “উন্নত চিকিৎসা” দেওয়ার প্রলোভন দেখান। তবে সচেতন রোগী প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেন।
ঘটনাটি ওয়ার্ডে দায়িত্বে থাকা আনসার সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে রোগীর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং টহলরত অন্যান্য সদস্যদের অবহিত করেন।
পরে দ্রুত সমন্বিত অভিযানে ঘটনাস্থল থেকেই ওই দালালকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় উপস্থিত রোগী ও স্বজনরা আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তাদের মতে, এমন উদ্যোগ দালালচক্রের দৌরাত্ম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালসহ সেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা ও জনসেবায় অঙ্গীভূত আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন। তাদের সতর্কতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিত পদক্ষেপ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।