সদস্যদের সমস্যার তাৎক্ষণিক সমাধান, ১৭ জনকে বিশেষ পুরস্কার প্রদান

এসএমপি ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৩:৪২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৩:৪২:৪৬ অপরাহ্ন

সিলেট, ৪ এপ্রিল ২০২৬:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর ট্রাফিক বিভাগের কল্যাণ সভা আজ শনিবার (০৪ এপ্রিল ২০২৬) সকাল ৭টায় পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসএমপি’র মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের সদস্যরা তাদের দাপ্তরিক ও ব্যক্তিগত নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যার সমাধান প্রদান করেন। পাশাপাশি যেসব বিষয়ে দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন, সেসব ক্ষেত্রে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সিলেট মহানগরের যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে ট্রাফিক বিভাগের সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশ সদস্যদের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং ও পরিশ্রমসাধ্য। তাই নিয়মিত স্বাস্থ্য সচেতন থাকা এবং শারীরিক সক্ষমতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সকল সদস্যকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করেন।

কল্যাণ সভায় ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনসাধারণের চলাচলকে আরও সু-শৃঙ্খল রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনায় ট্রাফিক বিভাগের ভূমিকারও প্রশংসা করা হয়।

সভায় যানবাহন নিয়ন্ত্রণ, জনসাধারণের যাতায়াত সহজীকরণ এবং বিভিন্ন উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর মোট ১৭ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এতে সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে উৎসাহ ও কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে ডিসি-সদর) জনাব সুদীপ্ত রায়।

এছাড়াও সভায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ ট্রাফিক বিভাগের সকল টিআই, সার্জেন্ট/টিএসআই, এএসআই/এটিএসআই এবং অন্যান্য ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই ধরনের কল্যাণ সভার মাধ্যমে ট্রাফিক বিভাগের সদস্যদের সমস্যার দ্রুত সমাধান এবং কর্মপরিবেশের উন্নয়ন ঘটবে, যা শেষ পর্যন্ত নগরবাসীর জন্য একটি সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক যানবাহন ব্যবস্থা নিশ্চিত করতে সহায়ক হবে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩