বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত নান্দনিক মঞ্চে ধারণ, থাকছে গান, নৃত্য, মিউজিক্যাল ড্রামা ও তারকাবহুল চমক

ঈদে আসছে বিশাল আয়োজনে বর্ণাঢ্য ‘ইত্যাদি’

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:৫১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:৫১:২৭ অপরাহ্ন

ঈদ আনন্দকে আরও বর্ণিল করে তুলতে প্রতি বছরের মতো এবারও দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদকে কেন্দ্র করে নির্মিত এবারের বিশেষ আয়োজন ধারণ করা হয়েছে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত এক নান্দনিক মঞ্চে। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটির শুরু করা হয়েছে কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ দিয়ে।

তবে এবারের পরিবেশনায় রয়েছে ভিন্নমাত্রা। ‘ঘর থেকেও যাদের ঘর নেই’—এমন ঘরহারা বৃদ্ধ-বৃদ্ধা ও এতিম শিশুদের অংশগ্রহণে গানটি পরিবেশিত হয়েছে। তাঁদের সঙ্গে দর্শকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ, যা ঈদের আনন্দকে মানবিকতার বিশেষ আবহে তুলে ধরে।

এবারের ঈদ ইত্যাদির অন্যতম চমক একটি বিশেষ দেশাত্মবোধক গান। এতে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় ছয় শিল্পী—মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, মূল সুর করেছেন আলী আকবর রুপু এবং সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা। এছাড়া গানটির উপস্থাপনাকে বৈচিত্র্যময় করতে এস কে জাহিদের পরিচালনায় অর্ধশতাধিক নৃত্যশিল্পী অংশ নেন।

ঈদের বিশেষ ইত্যাদিতে বরাবরই গানের অংশ থাকে বড় আকর্ষণ হিসেবে। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনেও একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। পাশাপাশি থাকছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার দ্বৈতসংগীত—চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী এবং সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এই গানের মাধ্যমেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে বুবলীর।

এবারের আয়োজনের আরেকটি বড় আকর্ষণ বাদ্যযন্ত্রের মূর্ছনায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। এতে অংশ নিয়েছেন দুই জনপ্রিয় অভিনয়শিল্পী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি। তাঁদের সঙ্গে একদল নৃত্যশিল্পীর বর্ণাঢ্য নৃত্য দর্শকদের জন্য বাড়তি চমক হয়ে উঠবে।

ইত্যাদির দর্শকপ্রিয় পর্বগুলোর মধ্যে অন্যতম মিউজিক্যাল ড্রামা। এবারের ঈদে কেনাকাটার নানা ঝামেলা ও সমস্যাকে কেন্দ্র করে তিনটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান। এছাড়া বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্বকে ঘিরে নির্মিত আরেকটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। বিক্রেতার ভূমিকায় থাকছেন ইকবাল হোসেন ও শাওন মজুমদার।

সমাজজুড়ে ছড়িয়ে থাকা মিথ্যা, দুর্নীতি, নৈতিকতা ও সামাজিক অবক্ষয়ের বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ এবং মডেল-অভিনেত্রী সাবিলা নূর।

ঈদ ইত্যাদির দীর্ঘদিনের জনপ্রিয় আরেকটি পর্ব ‘বিদেশিদের পর্ব’। প্রায় দুই যুগ ধরে এ পর্বের মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এবারের পর্বে তুলে ধরা হয়েছে ‘লোভী ও সুবিধাবাদী দ্বিমুখী স্বভাবের মানুষ’-এর চিত্র, যেখানে বিদেশি শিল্পীরা থাকছেন তাঁদের স্বতঃস্ফূর্ত ও তুখোড় অভিনয়ে।

দর্শক নির্বাচন প্রক্রিয়াও এবার থাকছে ভিন্ন আঙ্গিকে। এবারের অতিথি মোশাররফ করিম দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজনের সঙ্গে তাৎক্ষণিক অভিনয়ে অংশ নিয়েছেন। পর্বটি উপস্থিত দর্শকদের জন্য হয়ে উঠেছে অত্যন্ত উপভোগ্য।

এছাড়া ঈদকে ঘিরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে থাকছে ডজনখানেক নাট্যাংশ, যেখানে অংশ নিয়েছেন ইত্যাদির নিয়মিত অভিনয়শিল্পী ও দেশের শীর্ষস্থানীয় তারকারা।

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।সূত্র:  অফিসিয়াল পেজ

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩