তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৫:৪৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৫:৪৮:১৮ অপরাহ্ন

দেশের ক্রীড়াঙ্গণের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে দেশব্যাপী একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আশির দশকে ব্যাপক জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে এবার চালু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামের নতুন একটি প্রতিযোগিতা।

এই কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় দেশের সকল জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা ক্রীড়া অফিসাররা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

সভায় প্রতিমন্ত্রী জানান, আগামী ৩০ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে সদয় সম্মতি জানিয়েছেন। উদ্বোধনের পর দেশব্যাপী পর্যায়ক্রমে এই প্রতিযোগিতা শুরু হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়া প্রতিভা বিকাশে তৃণমূল পর্যায়ে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করা এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, প্রাথমিকভাবে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং মোট ৭টি জনপ্রিয় ক্রীড়া ইভেন্টে তারা অংশগ্রহণের সুযোগ পাবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথমে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। এরপর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে সেরা খেলোয়াড়রা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রাথমিকভাবে সিলেট অঞ্চল থেকে এই কর্মসূচির যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের তরুণদের সামনে খেলাধুলাকে একটি সম্ভাবনাময় পেশা হিসেবে তুলে ধরা হবে। প্রতিযোগিতায় নির্বাচিত মেধাবী খেলোয়াড়দের জন্য থাকবে সরকারি ক্রীড়া বৃত্তি। পাশাপাশি তাদের উন্নত প্রশিক্ষণ ও শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিকেএসপির মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের প্রশিক্ষণ, পড়াশোনা এবং সার্বিক উন্নয়নের দায়িত্ব গ্রহণ করবে সরকার।

তিনি বলেন, বর্তমানে অনেক তরুণ মাদক এবং অতিরিক্ত ডিজিটাল আসক্তির কারণে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে তাদের মাঠমুখী করা সম্ভব হবে এবং একটি সুস্থ, কর্মঠ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সহজ হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রতি বছর একটি নির্দিষ্ট ক্রীড়া ক্যালেন্ডার অনুযায়ী এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। চলতি বছরের প্রতিযোগিতা আগামী জুলাই মাসের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা চালু রাখা হলে তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশের সুযোগ বাড়বে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ যেমন ঘটে, তেমনি এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা গড়ে তোলে।

শেষে প্রতিমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে খেলাধুলার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী জাতি গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। এই কর্মসূচিকে সফল করতে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা অত্যন্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অনেকেই মনে করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গণে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩