ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬: পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সকালে জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহিদ পরিবারসহ জাতিকে আশ্বস্ত করতে চাই— পিলখানা হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। তিনি উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল এবং যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই এ ধরনের কাজ করতে পারে।
তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা। ঘটনার পেছনের উদ্দেশ্য জানার জন্য তৎকালীন সরকার তদন্ত কমিটি গঠন করলেও এর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট রয়েছে এবং তার সুপারিশ বাস্তবায়নে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে। নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলেও তিনি জানান।
মন্ত্রী জানান, জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিকেলে সেনানিবাসে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
প্রেস ব্রিফিংয়ে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।