বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বিশেষ করে কারিগরি শিক্ষা, চীনা ভাষা শিক্ষা এবং যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়—ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যৌথ উদ্যোগে ভাষা শিক্ষা কার্যক্রম চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলতি বছর এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
কারিগরি ও পলিটেকনিক শিক্ষার কারিকুলাম আধুনিকায়ন, শিল্পখাতের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ-চীন যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়।
চীনা ভাষা শিক্ষার প্রসারে ৩০০টি স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপন, ৯টি ব্রডকাস্টিং সেন্টার স্থাপন এবং আধুনিক ল্যাব সুবিধা উন্নয়নের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল নির্মাণ এবং বাংলাদেশি প্রতিনিধিদলের চীন সফরের বিষয়েও আলোচনা হয়।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এ সহযোগিতার মাধ্যমে দুই দেশের শিক্ষা ও প্রযুক্তি সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দেশের যুবসমাজ আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সক্ষম হবে।সূত্র: অফিসিয়াল পেজ