ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় তার স্বামী কর্মসূত্রে চট্টগ্রামে অবস্থান করছিলেন। তিনি জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে রেখেছিলেন। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকাকালে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী নারী স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন নুর করিম, হানিফ ও নাজমুল।
মামলার অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং ভুক্তভোগীর ওপর নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি চিকিৎসা নেন।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাখলুকুর রহমান জানান, এক নারী চিকিৎসা নিতে এসেছিলেন এবং তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্তদের একজন অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে।