ধর্ম দিয়ে দেশ ভাগ করতে কাউকে সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৫:৫৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৫:৫৫:১৯ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এদেশের মানুষ স্বভাবগতভাবেই ধর্মপ্রাণ এবং বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে। এটিই ধর্মের সৌন্দর্য। ধর্মের নামে দেশ ও জাতিকে বিভক্ত করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।

তিনি বলেন, অতীতের বিভেদ ও কাসুন্দি আর শুনতে চায় না জনগণ। বিভাজনের রাজনীতি করে যারা জাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের আর বাংলাদেশে জায়গা হবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ খেলার মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার লড়াই নয়, জনগণের মর্যাদা ও মানবিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। কৃষক ন্যায্য ফসলের দাম পাবে, শ্রমিক তার শ্রমের মূল্য পাবে, অক্ষমদের দায়িত্ব নেবে সরকার। নারী ও শিশুরা ঘরে-বাইরে নিরাপদে চলাফেরা করবে এবং শিক্ষা ও চিকিৎসার পূর্ণ দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।

তিনি আরও বলেন, যুবসমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। ভিক্ষা নয়, মর্যাদার সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে তোমরাই গর্ব করে বলবে—আমরাই বাংলাদেশ।

নিজের ভেরিফায়েড এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করে জামায়াত আমির বলেন, মা-বোনদের পক্ষে কথা বলার কারণেই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, ‘আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো’—এই সংস্কৃতি আর ফিরে আসবে না। তরুণরা নিজেদের ভোটের পাশাপাশি অন্যদের ভোটও পাহারা দেবে। কোনো দুর্বৃত্তকে ভোটে হাত দিতে দেওয়া হবে না।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অন্যায় আবদার গ্রহণ করা যাবে না। সুষ্ঠু নির্বাচনে যিনি বিজয়ী হবেন, আমরা তাকেই অভিনন্দন জানাবো।

সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির ও কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী। জনসভায় ১১ দলীয় জোট ও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩