বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিটিভিতে ভাষণের সুযোগ দিতে নির্দেশ ইসির

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৫:০৮:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৫:০৮:২৪ অপরাহ্ন


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন–এর মহাপরিচালকের কাছে চিঠি পাঠান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

চিঠিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য একটি সমান ও সহায়ক নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী প্রচারণায় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য বিটিভিতে স্লট বরাদ্দের ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান) এর উপবিধি (গ) অনুসরণ করতে হবে। লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ, প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট ও সময়সীমা নির্ধারণ এবং প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন না পাওয়ায়, বিএনপির দলীয় প্রধান তারেক রহমান–কে তাদের চাহিদা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিধি অনুযায়ী, প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩