চ্যাম্পিয়নস লিগ জিতে উয়েফার পুরস্কার অর্থে শীর্ষে পিএসজি

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৬:২৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৬:২৭:৫৯ অপরাহ্ন
প্যারিস (বাংলার জমিন): গত মৌসুমে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে স্বপ্ন পূরণ করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ইউরোপসেরার এই সাফল্যের সুবাদে উয়েফার পুরস্কারের অর্থ তালিকার শীর্ষেও উঠেছে ফরাসি জায়ান্টরা।

নতুন ও সম্প্রসারিত ফরম্যাটে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট ২.৪৭ বিলিয়ন ইউরো পুরস্কার অর্থ বিভিন্ন ক্লাবের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, যা আগের মৌসুমের তুলনায় প্রায় ৪০০ মিলিয়ন ইউরো বেশি। এর মধ্যে এককভাবে সর্বোচ্চ ১৪৪.৪ মিলিয়ন ইউরো পেয়েছে পিএসজি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২,০৫৮ কোটি ৩০ লাখ টাকা।

মঙ্গলবার প্রকাশিত উয়েফা-র ২০২৪–২৫ মৌসুমের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। উয়েফার বার্ষিক কংগ্রেস আগামী মাসে ব্রাসেলসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার আগেই প্রতিবেদনটি প্রকাশ করা হলো।
ফাইনালে পরাজিত ইন্টার মিলান পুরস্কার অর্থের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ইতালিয়ান ক্লাবটি পেয়েছে ১৩৬.৬ মিলিয়ন ইউরো। নতুন ফরম্যাটে ৩৬টি দলকে নিয়ে একক লিগ পদ্ধতিতে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলেছে।
গেল মৌসুমে অন্তত সাতটি দল ১০০ মিলিয়ন ইউরোর বেশি পুরস্কার অর্থ পেয়েছে। আগের মৌসুমে, ৩২ দলের গ্রুপপর্বভিত্তিক ফরম্যাটের শেষ বছরে, এমন অঙ্ক পেয়েছিল মাত্র পাঁচটি দল। সে সময় মোট পুরস্কার তহবিল ছিল ২.০৮ বিলিয়ন ইউরো।

শেষ আটে ওঠা দলগুলোর মধ্যে কেবল অ্যাস্টন ভিলা ১০০ মিলিয়ন ইউরোর নিচে পেয়েছে। ইংলিশ ক্লাবটির প্রাপ্তি ৮৩.৭ মিলিয়ন ইউরো। ৪১ বছর পর প্রতিযোগিতায় ফেরা এবং উয়েফা র‍্যাঙ্কিং তুলনামূলক কম থাকাই এর অন্যতম কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩