নবনিযুক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬: নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে আইজিপির দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম এর স্থলাভিষিক্ত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করে তাঁকে আইজিপি পদে নিয়োগ প্রদান করে। আইজিপি পদে নিয়োগের আগে তিনি এপিবিএন-এর অতিরিক্ত আইজি হিসেবে কর্মরত ছিলেন।
১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মোঃ আলী হোসেন ফকির। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তর ও এসপিবিএন-এ কর্মরত ছিলেন।
আন্তর্জাতিক অঙ্গনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে দক্ষতার সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেন। সরকারি দায়িত্ব ও প্রশিক্ষণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এবং ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।
১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানায় জন্মগ্রহণ করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
এর আগে আজ সকালে পুলিশ সদর দপ্তরে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।তথ্যসূত্র: পুলিশ মিডিয়া সেল, পিরোজপুর