ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা — আধুনিকায়নে সরকারের অঙ্গীকার

সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার নির্দেশনা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৫:৪৭:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৫:৫১:২৪ অপরাহ্ন
সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার নির্দেশনা ছবি: সংগৃহীত
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ.কে.এম. শামসুল ইসলাম, পিএসসি, জি আজ সোমবার ঢাকার শের-ই-বাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আগমনের পর প্রতিরক্ষা সচিব মোঃ আশরাফ উদ্দিন তাঁকে স্বাগত জানান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা সচিব মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। পরে উপদেষ্টা উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন কার্যক্রম বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং একটি স্বাধীন, সার্বভৌম ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

বক্তব্য শেষে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।সূত্র:  অফিসিয়াল পেজ

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ