ছবি: সংগৃহীত
সংবাদ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচিত প্রার্থী মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিতের আবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার পাটওয়ারীর পক্ষে আবেদনটি নির্বাচন কমিশনে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদনে তিনি একাধিক কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
আবেদনে বলা হয়েছে, ঢাকা-৮ আসনের কয়েকটি ভোটকেন্দ্রে বিভিন্ন অনিয়মের মাধ্যমে ফলাফলে প্রভাব ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৩৯৬ ভোট।