ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাহিদ ইসলামকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০২:৫২:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০২:৫২:৫৯ অপরাহ্ন
নাহিদ ইসলামকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ছবি: সংগৃহীত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

তিনি উল্লেখ করেন, মাত্র এক বছর আগে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি নবীন দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টিতে বিজয় অর্জন এবং আরও কয়েকটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করা একটি উল্লেখযোগ্য সাফল্য। এটি তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন।

প্রধান উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় নাহিদ ইসলামের নেতৃত্ব ও সাহসিকতা আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যভিত্তিক করেছে এবং সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির মধ্যে গভীর শ্রদ্ধার জন্ম দিয়েছে। তিনি ব্যক্তিগতভাবে এবং জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে নাহিদ ইসলামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর জন্য মূল্যবান ছিল এবং তাঁর কর্মদক্ষতা ও নীতিগত দৃঢ়তা প্রশংসনীয়।

প্রফেসর ইউনূস বলেন, গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন নতুন কণ্ঠস্বর ও নতুন ধারণা জায়গা পায়। এনসিপির এই সাফল্য প্রমাণ করে তরুণ সমাজ নীতিনিষ্ঠ রাজনীতির প্রতি আস্থা রাখছে।

তিনি আশা প্রকাশ করেন, সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে এনসিপি জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরবে এবং গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

বার্তার শেষে তিনি নাহিদ ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ