গুলশানে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, মাঠের বাস্তবতা বলছে ধানের শীষের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি নেতৃত্ব দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে দল এখন জনপ্রিয়তার তুঙ্গে। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
সংবাদ সম্মেলনে বোরকা ও নিকাব ইস্যু নিয়েও বক্তব্য দেন মাহদী আমিন। তিনি বলেন, বিএনপি একটি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে নারীর আব্রু ও পর্দার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তবে কেউ যদি এই পবিত্র পোশাককে ঢাল হিসেবে ব্যবহার করে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, সেটি চরম অনৈতিক কাজ হবে।
তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারী প্রিসাইডিং কর্মকর্তা বা নারী এজেন্টের উপস্থিতিতে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে, যাতে পর্দার মর্যাদা রক্ষা করেই স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা যায়।
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাহদী আমিন। তিনি বলেন, এই সিদ্ধান্ত ভোটারদের নিরুৎসাহিত করতে পারে এবং উৎসবমুখর পরিবেশে বিরূপ প্রভাব ফেলতে পারে। তিনি নির্বাচন কমিশনকে এই বিতর্কিত প্রজ্ঞাপন পুনর্বিবেচনার আহ্বান জানান।
পর্যবেক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, কমিশন অনুমোদিত ৮১টি সংস্থার মধ্যে মাত্র ১৬টি সংস্থাকে প্রায় ৬৯ শতাংশ পর্যবেক্ষক পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। এসব সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি এবং দাবি করেন, এটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায় হতে পারে।
একটি বেসরকারি সংস্থার জরিপের বরাত দিয়ে মাহদী আমিন বলেন, দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি বড় অংশ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দল-মত নির্বিশেষে সবার ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।