ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি এনসিপি প্রার্থীর

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০১:৩১:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০১:৩১:৫৬ অপরাহ্ন
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি এনসিপি প্রার্থীর ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি এনসিপি প্রার্থীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক এবং কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তের ফলে ভোটারদের মোবাইল বাসায় রেখে যেতে হবে। এতে মোবাইল সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজমও বাধাগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি এটিকে হঠকারী সিদ্ধান্ত উল্লেখ করে বলেন, এমন সিদ্ধান্ত নিলে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে যাওয়ার সময় মোবাইল না নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়বে। এতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে অনেক ভোটার ভোট দিতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিকভাবে তা সব ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তাঁর মতে, মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক ও সাধারণ মানুষ অনিয়মের চিত্র দ্রুত তুলে ধরতে পারেন, যা নির্বাচন পর্যবেক্ষণে সহায়ক হতে পারে। তিনি দাবি করেন, এই সিদ্ধান্তে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে এবং অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।

একই ধরনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনিও ফেসবুকে দেওয়া এক পোস্টে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে তথ্য বা ফুটেজ সংগ্রহ করা কঠিন হতে পারে। তিনি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

দেশের তরুণদের নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করা।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ