ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারাভিযান উপলক্ষে ঢাকায় পথসভা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে পথসভা করার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় তিনি ঢাকাসহ সারা দেশকে বাসযোগ্য ও নিরাপদ করার প্রতিশ্রুতি দেন।
বক্তৃতার শুরুতে নিজেকে ‘এলাকার সন্তান’ হিসেবে উল্লেখ করে ঢাকা–১৭ আসনে তাঁকে জয়যুক্ত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।
পথসভায় তিনি বলেন, ‘প্রিয় এলাকাবাসী, কেমন আছেন? আমি এই এলাকারই সন্তান। এই এলাকাতেই বড় হয়েছি। এলাকার সন্তান হিসেবে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। আপনারা ধানের শীষকে ভোট দিলে বিএনপি জয়ী হলে ঢাকা শহরসহ সমগ্র দেশকে নিরাপদ করতে চাই। যাতে মানুষ নিরাপদে চলাচল করতে পারে এবং ঢাকায় মানুষ বুক ভরে শ্বাস নিতে পারে—সেই ব্যবস্থা করা হবে।’
এ সময় ঢাকায় ৪০টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতিও দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করা হবে।’