ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট ইস্যুতে বিএনপি–জামায়াত সংঘাত

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৭:০৫:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৭:০৬:২০ অপরাহ্ন
ভোট ইস্যুতে বিএনপি–জামায়াত সংঘাত বিএনপি ও জামায়াত

নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও জামায়াতের, নির্বাচনী পরিবেশ ভালো রাখার আহ্বান

নির্বাচন কমিশনে (ইসি) পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপির অভিযোগ, জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ধর্মীয় বিশ্বাসে আঘাত হানছে। অন্যদিকে জামায়াত বলছে, বিএনপির অভিযোগ সম্পূর্ণ আজগুবি। তবে দুই দলই নির্বাচনী পরিবেশ ভালো রাখার আহ্বান জানিয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট একাধিক পর্যবেক্ষণ ও দাবি তুলে ধরেন বিএনপির নেতারা।

বৈঠকে সংসদ নির্বাচন ও গণভোটে সহায়তার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটদের যুক্ত না করার দাবি জানায় বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, শিক্ষার্থীদের মতো তরুণদের জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা সমীচীন নয়। এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

এ সময় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মীয় বিশ্বাসে আঘাত হানছে। তিনি বলেন, কিছু এলাকায় ‘শান্তি কমিটি’ গঠনের কথা শোনা যাচ্ছে, যা অত্যন্ত আপত্তিকর। নির্বাচন কমিশন জানিয়েছে, এ বিষয়ে তাদের কোনো তথ্য নেই।

ভোটার স্থানান্তর নিয়েও প্রশ্ন তোলে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর হয়েছে। যদিও নির্বাচন কমিশনের দাবি, কোনো আসনে দুই থেকে তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি। তবে ইসির এই বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি।

এদিন বেলা তিনটার দিকে নির্বাচন কমিশনে বৈঠক করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৈঠকে দলটির নারী নেত্রীদের গণসংযোগে হেনস্তা ও সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে ধরা হয়।

বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি এবং বিএনপির অভিযোগ ভিত্তিহীন ও আজগুবি। তিনি বলেন, জামায়াতের নারী কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হয়রানি ও সাইবার আক্রমণ চালানো হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর আমির পদে নারীর দায়িত্ব গ্রহণের সুযোগ নেই। তিনি জানান, এবারের নির্বাচনে দলটি কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি, তবে ভবিষ্যতে নারী কর্মীদের প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে জামায়াতের নারী বিষয়ক সেক্রেটারি নুরুন নিসা সিদ্দিকা বলেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে নারীদের নেতৃত্বের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা দলটি মেনে চলে।

এদিকে রোববার থেকে সারাদেশে সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ১২টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ