ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ভোটকেন্দ্র সতর্কভাবে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
রোববার সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না। জনগণ এবার সচেতন ও জাগ্রত। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, মানুষ এবার ভোট দেবে এবং সেই ভোট দেওয়ার অধিকার ইনশাআল্লাহ কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
তিনি আরও বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়নে বিশ্বাসী। দল ক্ষমতায় এলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মওকুফ করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড এবং নারীদের জন্য বিশেষ কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা নানাবিধ সুযোগ-সুবিধা পাবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, এনজিও থেকে নেওয়া ঋণে জর্জরিত মায়েদের দায়ভার সরকার নেবে। মানুষ ঋণমুক্ত হলেই প্রকৃত উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
পথসভায় আবেগঘন মুহূর্তও সৃষ্টি হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ আল মামুনের বোন সঞ্চিতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি মাটির ব্যাংক ও মুরগির ডিম উপহার দেন। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির মহাসচিব।
পথসভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আল মামুন, ইউনিয়ন বিএনপির ওয়ার্ড নেতা বেলাল হোসেনসহ স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।