ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল খারিজ, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৪:৫৮:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৪:৫৮:৪৭ অপরাহ্ন
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল খারিজ, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মঞ্জুরুল আহসান মুন্সী ,ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা পুনর্বহালের আবেদন নাকচ করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি মো জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজের আদেশ দেন। এর ফলে তিনি আর এবারের সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

শুনানিকালে আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ-এর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের আবেদন করে এনসিপি। অভিযোগ যাচাই শেষে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

ইসির সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট দায়ের করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি ওই রিট খারিজ করে দেন। পরবর্তীতে আপিল বিভাগে লিভ টু আপিল করা হলেও সেটিও খারিজ হওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ