ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুখে-দুঃখে মানুষের পাশে থাকার মূল্যায়ন করছে জনগণ: এস এম জাহাঙ্গীর

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৫:৪৮:০১ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৫:৪৮:০১ অপরাহ্ন
সুখে-দুঃখে মানুষের পাশে থাকার মূল্যায়ন করছে জনগণ: এস এম জাহাঙ্গীর ঢাকা-১৮ | নির্বাচন

 

ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, দীর্ঘদিন ধরে সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার কারণেই এখন জনগণ তার প্রতিদান দিচ্ছে। তিনি বলেন, দলের দুঃসময়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকেছেন, আর সেই বাস্তবতা এলাকার মানুষ আজও ভুলে যায়নি।

শনিবার সকালে দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকায় গণসংযোগের শুরুতে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় রাজনৈতিক ও অরাজনৈতিক সাধারণ মানুষ একত্রিত হয়েছে। তিনি বলেন, মানুষ এখন উপলব্ধি করছে—আন্দোলনের মাধ্যমেই অধিকার পুনরুদ্ধার সম্ভব।

তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যোগ্য প্রার্থী ও আদর্শবান দল বেছে নিতে মাঠপর্যায়ে কাজ করা জরুরি। এই বিশ্বাস থেকেই সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এ জন্য তিনি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণসংযোগকালে এস এম জাহাঙ্গীর বলেন, দুর্যোগ ও সংকটময় সময়ে এলাকাবাসী বিএনপিকে সবসময় পাশে পেয়েছে। তিনি দাবি করেন, যতবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ততবারই জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনেও ঢাকা-১৮ আসনের জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে। ১৯৯১ সালের পর থেকে এলাকায় যেসব উন্নয়ন হয়েছে, তার অধিকাংশই বিএনপির নেতৃত্বে হয়েছে বলেও তিনি দাবি করেন। ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।

বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ যে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে, তার বিচার এই দেশেই হবে। বিএনপি ক্ষমতায় গেলে যেন কোনো নিরপরাধ মানুষ আর হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারেক রহমানের ঘোষিত মানবিক রাষ্ট্র ও মানবিক সমাজব্যবস্থা গঠনে সহযোগিতার আহ্বান জানান।

এ সময় তিনি জুলাই–আগস্টের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঢাকা-১৮ আসনে অপপ্রচার ও অপরাজনীতির কোনো সুযোগ নেই। কারণ এই এলাকার মানুষ তাকে ব্যক্তিগতভাবে চেনে।

সবশেষে তিনি বলেন, বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সুসময়ে আদর্শ থেকে বিচ্যুত হয়নি, আর দুর্দিনে জনগণকে ছেড়ে পালায়নি। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ