প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ, সময় বেঁধে দিল ইসি
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৪-০১-২০২৬ ০৫:০৫:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০১-২০২৬ ০৫:০৫:১৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে যে পোস্টাল ভোটগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে, কেবল সেগুলোকেই ভোট গণনার আওতায় আনা হবে বলে জানিয়েছে ইসি।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে হলুদ খাম জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো পোস্টাল ব্যালটগুলোই চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত হবে।
ইসি সূত্র জানায়, দেশে ও দেশের বাইরে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি ভোটার প্রবাসী বাংলাদেশি।
সংশোধিত তফসিল অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স